নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে সহযোগিতা করতে যাওয়ায় মাহফুজ মিয়া নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারীরা।
সোমবার (১৬ অক্টোবর) রাত নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া পুলিশ ক্যাম্পের নিকটে এ ঘটনা ঘটে।
আহত গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে সোমবার রাতে কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। ওই গ্রামের একটি অংশে প্রতিনিয়ত মাদক কেনা-বেচা ও সেবন চলে বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাবস্থায় বিষয়টি টের পেয়ে মাদক কারবারীরা অবস্থান পারিবর্তন করে সাবধান হয়ে যায়। এসময় পুলিশের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালেকসহ অন্যরা ওই স্থান থেকে চলে এলে তথ্য সংগ্রহের জন্য রয়ে যান ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মাহফুজ মিয়া। সোহাগপুর বিধবাপল্লীর জন্য বেনুপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের কাছেই অপেক্ষা করছিলেন গ্রাম পুলিশের ওই সদস্য। এসময় পেছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে আহত করে মাদকসেবীরা। উপর্যুপরি আঘাতে গ্রাম পুলিশ দ্রুত চিৎকার দিয়ে কাকরকান্দি বাজারে ঢুকে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে।
আহত গ্রাম পুলিশ সদস্য জানান, ৫-৬ জনের একটি দল তাকে ঘিরে আকস্মিক হামলা চালায়। এসময় তিনি সকলকে চিনতে পারলেও তিনজনের নাম জানেন বলে জানান। এরা হলো- জাহিদুল, রাসেল ও শরিফ।
বেনুপাড়াসহ কাকরকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় নিয়মিত মাদকের রমরমা বাণিজ্য ছাড়াও সেবন চলে বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার। তিনি জানান, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এমনকি উঠতি বয়সীরা বিপথগামী হচ্ছে।
