মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দা উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মরা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলেও ঘটনাস্থলে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। তবে জবাইয়ের আগে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশু পরীক্ষা ও প্রত্যয়ন গ্রহণ না করায় “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” অনুযায়ী দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দোকানদারকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একইসঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
