সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে টাইব্রেকারের নাটকীয়তায় মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরিষাবাড়ী উপজেলা একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সরিষাবাড়ী উপজেলা একাদশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ। খেলাটি দেখতে স্টেডিয়ামে ভিড় করেন অগণিত ফুটবলপ্রেমী দর্শক। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও প্রাণবন্ত পরিবেশ।
খেলা শেষে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত চ্যাম্পিয়ন সরিষাবাড়ী উপজেলা একাদশের খেলোয়াড়দের হাতে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
এছাড়াও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এবং জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সরিষাবাড়ী উপজেলা একাদশ ৪-২ গোলের ব্যবধানে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মেলান্দহ উপজেলা একাদশকে।
ফাইনালে চ্যাম্পিয়ন দলের গোলকিপার মাহিন রানা তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই বর্ণাঢ্য সমাপনী আয়োজন জামালপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম পরিণত হয় ফুটবলপ্রেমী মানুষের মিলনমেলায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *