সৈয়দ মুনিরুল হক নোবেল
‘নকশি কাঁথা বাংলাদেশের গর্বগাথা’—জামালপুর জেলা ব্র্যান্ডিংকে সামনে রেখে জেলার হস্তশিল্পের সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহীনুর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মো. আতিকুল রহমান লিটন।
কর্মশালায় বক্তারা বলেন, জামালপুরের নকশি কাঁথা ও নকশি সূচিশিল্প জেলার ঐতিহ্য ও সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের সঙ্গে জড়িত কারিগর ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি হস্তশিল্প ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, কার্যকর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদকদের সরাসরি পণ্য বিক্রির সুযোগ সৃষ্টি করতে হবে।
বক্তারা আরও বলেন, জামালপুরের নকশি কাঁথা ও নকশি সূচিশিল্পকে আরও বিকশিত করতে নকশিপল্লী স্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে জামালপুরের ঐতিহ্যবাহী নকশি পণ্য দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হলে এ শিল্পের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জেলার অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
জামালপুরের হস্তশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এ শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *