সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের পাশাপাশি মাদক, ছিনতাই, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেছেন, জননিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। অপরাধী যে-ই হোক, অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি মাদক কারবার, ছিনতাই, চুরি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন পর্যায়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধ দমনে পুলিশ সর্বদা মাঠে রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পুলিশের এমন তৎপরতায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *