মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় এক তরুণীকে চুরির অভিযোগে আটক করে মারধর করার অভিযোগ উঠেছে। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী তরুণী তিশা।
তিশার অভিযোগ, তিনি কোনো অপরাধ করেননি। এরপরও তাঁকে ‘চোর’ অপবাদ দিয়ে আটক করা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিশা বলেন, চুরির অপবাদ দিয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এ ঘটনায় তাঁর সম্মান ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনি।
তবে কাপড়পট্টির কয়েকজন দোকানদারের দাবি, ওই তরুণীরা চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই দুই তরুণীকে আটক করা হয়েছিল বলে দাবি তাঁদের।
তবে তরুণীদের বিরুদ্ধে আনা চুরির অভিযোগের সত্যতা এবং তাঁদের মারধরের ঘটনায় কারা জড়িত, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় প্রকৃত ঘটনা জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *