মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
সভায় কৃষি বিভাগের প্রতিনিধি, গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিসিআইসি ও বিএডিসি’র ২৭ জন ডিলার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নোমায়ন আলী, তানোর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদিরসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের সময়মতো ও সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ডিলারদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং কোনো ধরনের অনিয়ম, মজুদদারি বা কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, সারের সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু রাখতে প্রশাসন, ডিলার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় অংশগ্রহণকারী ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান অতিথি সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *