মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা। শনিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় ফিরোজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল খালেক সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজার সঞ্চালনায় উক্ত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন(তানোর–গোদাগাড়ী)রাজশাহী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড.মোঃ ওবায়দুল্লাহ্, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মোঃ রেজওয়ান ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন,“গণভোটে দেশের মানুষ তাদের প্রত্যাশা ও মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায় বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা।”
তিনি আরও বলেন,“দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন, ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে। গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মাঝে হতাশা ও ক্ষোভ তৈরি হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
অধ্যাপক মুজিবুর রহমান এমপি আরো উল্লেখ করেন,“গণভোট কোনো দলের বিষয় নয়, এটি গোটা জাতির বিষয়। জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলনকে সম্মান জানানোই গণতান্ত্রিক চর্চার অংশ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে রাজপথে আছি এবং থাকব।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজা বলেন,“গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের আস্থা নষ্ট হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই জনগণের এই দাবিকে গুরুত্ব দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে।”
তিনি আরো বলেন,“গণভোটের ফলাফল প্রমাণ করে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। এই সচেতনতার প্রতি সম্মান দেখানো সকলের দায়িত্ব।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন,“শিক্ষিত সমাজ সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মতামতের পক্ষে থাকে। গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
তিনি আরো বলেন,“গণভোটের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছে, তা স্পষ্ট। এখন সময় সেই বার্তার বাস্তব প্রতিফলন ঘটানোর। তরুণ সমাজ সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থাকে। গণভোটের রায় বাস্তবায়নে আমরা সবাই রাজপথে সচেতন ও সোচ্চার থাকব।”
বক্তারা সমাবেশে বলেন, গণভোট জনগণের সরাসরি মতামতের প্রতিফলন। এ রায় বাস্তবায়নে দেরি হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
