স্থানীয় প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার কাটিমারী গ্রামে মহাত্মা লালন ফকিরের ভক্ত ও অনুসারী চায়না বেগমের ঘর ভেঙে উচ্ছেদ ও তাকে হত্যার হুমকির প্রতিবাদে “বাংলার প্রান্তিক বাউল শিল্পী গোষ্ঠি,ফরিদপুরের” উদ্যোগে
প্রান্তিক বাউল শিল্পী-স্বজন প্রতিবাদী সমাবেশের আয়োজন করে।
রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে বাউল নিজামউদ্দিন শাহ`র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাট্যজন ড. বিপ্লব বালা, বাউল পাগলা বাবলু খান, অধ্যাপক আব্দুল মোতালেব , রফিকুজ্জামান লায়েক, অরুণ কুমার শীল,কবি জাহাঙ্গীর খান, বাউল বাবুল খান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলার প্রাণ বাউল সঙ্গীত। বাউল সাধক ও ভক্তরা এ সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিকতা চর্চা করেন।
তারা বলেন, মহাত্মা লালন ফকির রচিত সঙ্গীত মানুষের আত্মা পরিশুদ্ধ করে। তাই যারা লালন ভক্ত বা অনুসারী তারা এই স্বার্থবাদী সমাজ থেকে দূরে নিরিবিলি সাধনায় ব্যস্ত থাকেন। স্বার্থবাদী কুচক্রী একটি মহল বার বার এদের ওপর আঘাত হানে। এ ঘটনাও তাদের হিংস্র থাবার বহিঃপ্রকাশ।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশের মাঝে মাঝে শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন।
