বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান বলেছেন, অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না তিনি। এমনকি কোটি টাকা দিয়েও তাকে কেনা সম্ভব নয়। দায়িত্ব পালনে কারও চাপ বা অনিয়মের প্রস্তাব এলে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে অবহিত করে পদ থেকে সরে দাঁড়াবেন বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের টিটিসি সম্মেলনকক্ষে নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সভার আয়োজন করে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামো, স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আইন ও বিধি মেনেই পরিচালনা করতে চান। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা সুপারিশ নয় যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “শিক্ষক কিংবা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার কোনো বিকল্প নেই। রাজনৈতিক পরিচয় ও বিভেদ ভুলে মেধার ভিত্তিতেই নিয়োগ দিতে হবে।”
স্থানীয় জনগণের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান উপাচার্য। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পিয়ন, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে স্থানীয় দরিদ্র মানুষের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।
নিজের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্য বলেন, রাজশাহী থেকে তিনি নেত্রকোনায় এসেছেন এবং চার বছর দায়িত্ব পালন করবেন। এ এলাকায় তার কোনো আত্মীয়স্বজন নেই বলেও জানান তিনি।
নেত্রকোনার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা এই বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয় আপনাদের। সবকিছুই আপনাদের। বিশ্ববিদ্যালয়কে সুন্দর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা চাই।”
তিনি আরও বলেন, এমন একটি শক্ত ভিত্তির ওপর বিশ্ববিদ্যালয়কে দাঁড় করাতে চান, যাতে পাঁচ বা দশ বছর পর নেত্রকোনায় ফিরে এলে স্থানীয় মানুষ তাকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেন। তার কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে যেন কেউ তার কাছ থেকে মুখ ফিরিয়ে না নেন এমনভাবেই দায়িত্ব পালন করতে চান তিনি।
অনিয়মের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে অধ্যাপক ড. খালেদ উজ্জামান বলেন, “কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না।” কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে তিনি বলেন, কেউ তাকে অনিয়ম করতে বাধ্য করার চেষ্টা করলে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন এবং প্রয়োজন হলে পদত্যাগ করবেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নেত্রকোনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা, জনসম্পৃক্ত কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
