মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

‎‎রাজশাহীর মোহনপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা’র উদ্যোগে আজ সকাল ১০ টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠানে অংশ নেন।

‎পরে বর্ণিল সাজে সজ্জিত একটি শোভাযাত্রা মোহনপুর উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় ভাবধারা তুলে ধরে।

‎শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভা মোহনপুর পুরাতন হলরুমে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ।

‎প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, সত্য, ন্যায় ও শান্তির শিক্ষা দেয়। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। কোনো অপশক্তি যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা শাখার সভাপতি শ্রীযুক্ত বাবু কমল কুমার সরকার।

‎সভাপতির বক্তব্যে কমল কুমার সরকার বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের অন্যতম শিক্ষা হলো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকের উচিত সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

‎তিনি বলেন, মোহনপুরে সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু প্রশান্ত কুমার।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছিমা আক্তার বেলী, শ্রী বাবু সেন্টু কুমার সাহা, শ্রী বাবু রামকৃষ্ণ কুমার ও শ্রী বাবু রতন কুমার প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

‎আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

‎পরে ধর্মীয় আলোচনা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *