আরিফ রববানী
ময়মনসিংহ
পবিত্র মাহে রামাদানের তাৎপর্য নিয়ে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে রাজনৈতিক সহযোগিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী মঠবাড়ী ইউনিয়ন শাখা।
বুধবার (১৯ শে মার্চ) বিকেলে ইউনিয়নের পোড়াবাড়ি হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে ইফতার পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ময়মনসিংহ ০৭ ত্রিশাল আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আসাদুজ্জামান সোহেল ।
এসময় তিনি বলেন, মাহে রামাদান কুরআন নাজিলের মাস। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে কুরআন নাজিল করা হয়। কুরআন পড়ে-বুঝে কুরআনের আলোকে যেন মানুষ দুনিয়াবী জিন্দেগী পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। তাই প্রত্যেক মুমিনের উচিত কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করা। এতেই মানবতার মুক্তি ও কল্যাণ।
তিনি আরো বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশে এবারের রমাদান ভিন্ন এক পরিবেশে অতিবাহিত হচ্ছে। দীর্ঘ পনেরো বছর দেশের মুক্তিকামী মানুষ ও ইসলাম প্রিয় জনতা ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে রমাদান অতিবাহিত করেছিল। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যে সকল তরুণ ছাত্র -জনতার আত্মত্যাগ জীবন দিয়ে ফ্যাসিবাদ কে রুখে দিয়েছে আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে প্রতিদান কামনা করছি। বাংলাদেশ থেকে চিরদিনের জন্য ফ্যাসিবাদ বিলোপ হোক সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা ও মঠবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
