স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে বাসের হেলপার সাদ্দাম হোসেন হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার( ১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
এছাড়া দুইজনকে পাঁচ বছরের সাজা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, জনি মোল্লা (২৬), মো. মেহেদী আবু কাউসার (২৩), সাজ্জাদ হোসেন মাতুব্বর (২৯), রাজেশ ওরফে রবিদাস (২৮) ও রবীন মোল্লা (২৪)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে অপর এক আসামি আলমগীর হোসেন পাঠান (৩৬)কে পাঁচ বছরের সাজা ও অর্থদন্ড দেওয়া হয়।
মামলার পলাতক আসামি হাফিজুল বেপারীর(২৩) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।
সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ি ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায়।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফরিদপুর পৌর বাস টার্মিনাল এলাকা থেকে নূপুর পরিবহনের একটি বাস চুরি হয়। এ ঘটনায় বাসের মালিক জয়নাল আবেদীন থানায় মামলা করেন। পরদিন বাসটি জেলার ভাঙ্গা উপজেলার চৌরাস্তা মোড় থেকে পুলিশ উদ্ধার করে । এ সময় বাসের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হেলপার সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সাত জনের নাম উল্লেখ করে ২০২০ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত সাক্ষ্য ও প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সানোয়ার হোসেন জানান, রায়ে বাদিপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
