স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে নার্সিং ও মিড ওয়ারি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ফরিদপুর মেডিকেল কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ব্রহ্ম সমাজ সড়কে অবস্থিত সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
তারা জানান, ফরিদপুর জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনিবন্ধিত ও ভুয়া নার্স নিয়ে নার্সিং সেবা দেওয়ার নামে প্রতারণা ও স্বাস্থ্য সেবায় সব ধরণের দুর্নীতি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন।
পরে তাদের একটি প্রতিনিধি দল ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার কাছে ফরিদপুরের স্বাস্থ্যসেবার বিভিন্ন অনিয়মের প্রতিকার দাবি করেন। তারা বলেন, ফরিদপুর শহরের বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । অধিকাংশ ক্ষেত্রে অপেশাদার ও ভুয়া নার্স দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। যে কারণে প্রকৃত নার্সরা সেবা প্রদান করা থেকে বঞ্চিত হচ্ছে এবং রোগীরা পড়ছে হুমকির মধ্যে। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা ।
এসব প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম চলার পর মাঝে মাঝে অভিযান চলে বন্ধ করে দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলো। কিন্তু দুই একদিনের মধ্যে সে প্রতিষ্ঠান আবার চালু হয়ে যায়।
তারা বলেন আমরা এর আগেও এ ব্যাপারে সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেছি। আজও করছি।
এ সমস্যার সমাধান হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ডেপুটি সিভিল সার্জনের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তারা সিভিল সার্জন অফিসের সামনে পকেট গেট তালা বদ্ধ করে সিভিল সার্জন অফিসের রাস্তার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে খন্দকার মইন , আদনান সামি, সোহান ফুয়াদ, নীরা খন্দকার। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকশ` শিক্ষার্থী ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন।
