বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে।

গত কাল সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরীর আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,এর আগে এনামুল হক আনার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৪ মে
রাতে মদন উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে নিয়ে বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে বিক্রির করা হচ্ছিল—এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার হাঁসকুঁড়ি মৈদাম এলাকার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে সরকারি সিল যুক্ত ৬৬৭ বস্তা চালবোঝাই ট্রাকটি জব্দের পর চালক শামীম মিয়া (৩২) ও
সহকারী শাহিন মিয়াকে (৩৪) আটক করা হয়।

খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন, চালগুলো সরকারি। পরে তিনি সেগুলো জব্দের নির্দেশ দিলে পুলিশ ট্রাকভর্তি চালসহ চালক ও সহকারীকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলায় ট্রাকচালক জেলা সদরের শামীম মিয়া, সহকারী ময়মনসিংহের শাহিন মিয়া সহ মদন পৌরসভার মনোহরপুর গ্রামের এনামুল হক আনারকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়। এদিনই চালক ও সহকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আর এনামুল হক আনার গা ঢাকা দেন। পরে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তিনি। জামিনের মেয়াদ শেষ হলে আজ সোমবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *