সামদানি হোসেন বাপ্পি 
ময়মনসিংহে পৃথক অভিযানে মাদক ও গুরুতর আঘাতের মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ত্রিশাল থানার একটি মাদক মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি এবং কোতোয়ালী থানার একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মারফুল সরকার (২৮), মো. নাজিম উদ্দিন (৪৫) ও মো. নাঈম (৩৫)।
র্যাব জানায়, ত্রিশাল থানার মাদক মামলা নং-৩৪(১০)২০, জিআর-৪১৩/২০-এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মারফুল সরকারকে ঢাকা বাইপাস এলাকা থেকে এবং একই মামলায় সাজাপ্রাপ্ত মো. নাজিম উদ্দিনকে মধ্য বারেড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, কোতোয়ালী থানার মামলা নং-২২(১২)১২, জিআর-১৩২৭/১২, দণ্ডবিধির ৩৪১/৩২৫ ধারায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নাঈমকে রহমতপুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জানায়, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
