নীলফামারীর জলঢাকা উপজেলায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি ব্রিজপাড়া এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার কবির চৌধুরীর জমিটি চাষাবাদ করেন গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী আরজিনা বেগম। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে কৃষক মাজেদুল ইসলাম জমিতে কীটনাশক স্প্রে করতে যান। এসময় জমির মাঝখানে জমে থাকা পানিতে কঙ্কালটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন তিনি। পরে জলঢাকা থানায় খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।

জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) উজ্জল শাহ জানান, মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। কঙ্কালের পাশে একটি শার্ট, একটি গেঞ্জি ও একটি লুঙ্গি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা রাতের আঁধারে এখানে মরদেহটি ফেলে গেছেন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, কঙ্কালটি উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। তবে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

তবে সংগৃহীত আলামতে কঙ্কালটি কোনো পুরুষের হতে পারে বলে জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *