আরিফ রববানী
ময়মনসিংহ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রবিবার (২৭এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি পেশ করেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ও বাংলাদেশ নার্সেস ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা, ছোরতননেছা নার্সিং ইনস্টিটিউট, স্কাবো নার্সিং ইনস্টিটিউট, স্কলার নার্সিং ইনস্টিটিউট, ডাঃ হালিমা খাতুন ম্যাটস, সিবিএমসি নার্সিং কলেজ এবং রুমডো নার্সিং কলেজে অধ্যায়নরত নার্স শিক্ষার্থীরা পৃথক-পৃথক ব্যানারে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি জুয়েল মন্ডল,সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাসসহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকের সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। তাদের এই যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকরা সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। তাই দ্রুত এই বৈষম্য দূর করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার হুশিয়ারি দেন তারা।

আন্দোলনকারীদের মধ্যে একজন ফাহিমা বলেন, ‘ইন্টার পাশ করার পর চার বছর পরাশোনা শেষ করার পর কীভাবে ইন্টারপাশ থাকে। অন্য জাহিদুর রহমান বলেন, ‘যারা ডিপ্লোমা করতেছি তারা যেন ডিগ্রির সমমানটা পায়। তিনি বলেন-আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছররের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়। অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা। আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জুয়েল মন্ডল বলেন, আমরা গত কিছুদিন যাবত আমাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসতেছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হলে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *