সৈয়দ মুনিরুল হক নোবেল
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগ ও আয়োজনে কর্মীসভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে আয়োজিত এ কর্মীসভা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পরিণত হয় এক মিলনমেলায়।
কর্মীসভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান শফি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি দেশের মানুষের আত্মনির্ভরশীলতা, উৎপাদনমুখী অর্থনীতি ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্র রক্ষা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের হৃদয়ে এক অনন্য ও অবিস্মরণীয় স্থান করে নিয়েছেন।
তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনে তারেক রহমান সময়োপযোগী ও গণমুখী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জামালপুর সদর উপজেলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব এলাকায় পরিণত করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মীসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মিলনায়তন ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। সভা শেষে দলীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জামালপুরের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *