মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মাদক ও ডেঙ্গুমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

সচেতনতামূলক সভায় মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা মাদকমুক্ত সমাজ গঠন ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নবীনবরণ ও সচেতনতামূলক এ আয়োজন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *