মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
আজ বুধবার (১৯ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজী আব্দুল্লাহ আল আমিন বিভিন্ন সময় মাদক বিরোধী সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকরভাবে তাকে ‘মাদক কারবারী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, এই ধরনের মিথ্যা প্রচারণা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা এই ঘটনার জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানাচ্ছি। একই সাথে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
