সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের রায় ও ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’ এর বিধান মোতাবেক ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন মৌজায় অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিয়েছে ভূমি প্রশাসন।
মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা সরেজমিনে উপস্থিত থেকে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
*যে জমি উদ্ধার হলো*
উদ্ধারকৃত জমির বিবরণ: জেলা- ময়মনসিংহ, উপজেলা- সদর, ইউনিয়ন- দাপুনিয়া, মৌজা- কাতলাসেন, বিআরএস ৩৬৩ নং খতিয়ান, ৫৪১১ নং দাগ। জমির পরিমাণ ০.০৬৫ একর।
দীর্ঘদিন ধরে ওই জমি অবৈধভাবে দখলে রেখেছিল একটি পক্ষ। প্রকৃত মালিক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে মামলা করলে আদালত প্রার্থীদের পক্ষে রায় দেন।
*উচ্ছেদ অভিযান*
আদালতের রায় এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর বিধান অনুযায়ী মঙ্গলবার সকালে পুলিশের সহায়তায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পরে জমির দখল প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
*এসি ল্যান্ডের বক্তব্য*
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, “আদালতের রায় বাস্তবায়ন ও ভূমি অপরাধ প্রতিরোধ আইন ২০২৩ অনুযায়ী আমরা কাজ করছি। প্রকৃত মালিক যেন হয়রানির শিকার না হন সেজন্য দ্রুত সময়ে দখল বুঝিয়ে দেওয়া হলো। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
জমি বুঝে পেয়ে আবেগাপ্লুত হন প্রকৃত মালিকরা। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, সরকারি জমি উদ্ধার ও প্রকৃত মালিককে হয়রানিমুক্ত সেবা দিতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
