মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা-এর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২১ এপ্রিল) পরিদর্শনকালে তিনি উদ্যান ও চিড়িয়াখানাকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রশাসক জানান, নগরবাসীর বিনোদন ও পর্যটন সুবিধা বাড়াতে উদ্যানটির অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ওয়াচ টাওয়ার, চিলড্রেন প্লে-জোন, ইভেন্ট টেন্ট এবং ঝুলন্ত ব্রিজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, উন্নয়ন কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ দর্শনার্থীরা একটি আধুনিক ও নিরাপদ বিনোদন পরিবেশ উপভোগ করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, পিএস ক্রিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্টিস্ট পলাশ, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহিদুজ্জামান জীবন এবং উপসহকারী প্রকৌশলী সানারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
