মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুরে র্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে ধর্ষণ মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ও শনিবার (১২ এপ্রিল) দুপুরে র্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৩ এর রংপুর সদর কোম্পানি ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ দল ধর্ষণ মামলার এক পলাতক আসামী মারুফ হাসানকে (২৫) গ্রেফতার করে। সে পীরগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-০১/৯২, তাং-০১/০৩/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় অভিযুক্ত। মারুফ হাসান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চিথলী উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
অন্যদিকে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে র্যাব-১৩ এর রংপুর সদর কোম্পানীর একটি দল মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে একই আইনে দায়েরকৃত মামলা নং-২৭, তাং-২০/০১/২০২৫ এর পলাতক আসামী আতাউর রহমানকে (৪০) গ্রেফতার করে। আতাউর রহমান মিঠাপুকুর উপজেলার পলিপাড়া মাসিমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
