মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাত্র ৪ ঘণ্টার মধ্যে অপহৃত ৪ শিশুকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু হারিয়ে গেলে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি অবগত হয়। পুলিশ কমিশনারের নির্দেশনায় গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে চেকপোস্ট ও তল্লাশি অভিযান চালায়।
রংপুর রেলওয়ে স্টেশনে সন্দেহভাজন এক নারীকে আটক করা হলে তার সঙ্গে থাকা চার শিশুর পরিচয় মেলানো হয়। পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে নিজ হেফাজতে নেয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের পর শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
অপহরণের ঘটনায় আটক আদুরী বেগম (৩৫)-কে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে পুলিশ কমিশনার মো. মজিদ আলী (বিপিএম) এক সংবাদ সম্মেলনে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অপহরণের সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
