২৭ জুন ১০:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স মিলনায়তনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। আজকের বিশেষ কল্যাণ সভাটি মূলত রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুরে নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার)এর সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ।
কল্যাণ সভায় অংশগ্রহণের পূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
উক্ত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) ফুলের শুভেচ্ছা প্রদান করে বরণ করা হয়।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) কমিশনার ব্যক্তিগত এবং বর্ণাঢ্য চাকুরী জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সবার সামনে তুলে ধরেন।
এরপর মাননীয় কমিশনার সকল পদবীর পুলিশ সদস্যদের তাদের নিজেদের বা নগরী সম্পর্কে যেকোন ধরনের সমস্যা বা তা সমাধানের প্রস্তাবনা বক্তব্য ও সিদ্ধান্ত প্রদানের জন্য ফ্লোর উন্মুক্ত করে দেন।মুগ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে সবাই তাদের মনের কথাগুলো তাঁর সামনে তুলে ধরেন। পুলিশ কমিশনার সকলের নিকট হতে বিভিন্ন ধরনের প্রস্তাবনা, সমস্যা এবং সেগুলোর সমাধানমূলক বক্তব্য আন্তরিকতার সাথে শ্রবণ করেন এবং উদ্ধৃত সমস্যাসমূহ সমাধানের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকলকে নির্দেশনা প্রদান করেন এবং তিনি সব ধরনের সমস্যা একসাথে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকের বিশেষ সভায় পুলিশ কমিশনার নগরীতে মাদক নির্মূলের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত তিনিও জিরো টলারেন্স ঘোষণা করেন। এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদেরকে হয়রানি না করা, তাদেরকে সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
