মো:নাসিরউদ্দিন
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে রহিমের বাড়ি হতে নামুপাড়া পর্যন্ত ১০০ মিটার রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ডাস্ট ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এলজিইডির আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এই ব্লক রোড নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রহিমের বাড়ি থেকে নামুপাড়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণকাজে শুরু থেকেই নানা অনিয়মের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি কাজের অগ্রগতির সময় দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে নিম্নমানের ডাস্ট ও ইটের খোয়া ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কায় পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে কাজে অনিয়মের প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ করে দেন।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার সাব-বেস বা খোয়ার স্তরে সত্যি নিম্নমানের ডাস্ট ও ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। এলাকাবাসীর জোরালো প্রতিবাদের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বা সংশ্লিষ্ট কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা নিজেদের ভুল স্বীকার করে ওই নিম্নমানের খোয়াগুলো রাস্তা থেকে উঠিয়ে ফেলেন এবং দ্রুত সময়ের মধ্যে মানসম্মত ও নতুন খোয়া দিয়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
এলাকাবাসীর অভিযোগ, তদারকির অভাবে অনেক সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছেমতো কাজ করে চলে, যা জনস্বার্থের পরিপন্থী। তাই এই ধরণের উন্নয়নমূলক কাজগুলোতে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়মিত নজরদারি রাখা প্রয়োজন।
ঘটনাস্থলে উপস্থিত সচেতন মহল এলাকাবাসীকে সতর্ক থাকার এবং কাজের প্রতিটি ধеাপ সঠিকভাবে বুঝে নেওয়ার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে সরকারি এই রাস্তার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয় এবং কোনো ধরনের অনিয়ম পুনরায় না ঘটে।
