মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জ্বালানি তেলের কালোবাজারি বন্ধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়।
এ সময় মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন না করায় সৃষ্ট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
এছাড়া অবৈধ ইটভাটা ও করাতকলের বিরুদ্ধে অভিযান জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ নির্ণয় ও তা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা আলোচিত বিষয়গুলোর দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
