মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমে তিন আসামিকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ। এর মধ্যে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার এবং অপর একজনকে ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ সেপ্টেম্বর ২০২৬ রাতে নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে হাজীরহাট থানাধীন রনচন্ডি (বটের তল) গ্রামের মোঃ ইদ্রিস আলীর বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে মোঃ ইদ্রিস আলী (৪০) ও মোঃ মিলন মিয়া (৪৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন আনুমানিক ০.৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ হাজার ৮০০ টাকা বলে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত ইদ্রিস আলী রনচন্ডি (বটের তল) এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং মিলন মিয়া উত্তম মৌলভীপাড়া এলাকার মোঃ আব্দুল জলিলের ছেলে। তারা উভয়েই হাজীরহাট থানাধীন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, একই তারিখে ওয়ারেন্ট তামিল অভিযানে সিআর মামলা নং-১০৮৪/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মেহেদী হাসান মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাধাকৃষ্ণপুর, হাজীরহাট থানা, আরপিএমপি রংপুর এলাকার মোঃ হোসেন আলীর ছেলে।
পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে তৎপরতায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *