সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,ময়মনসিংহ ও রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর বিষয়ে নির্দেশাবলি জারি করেছে।
নির্দেশনাবলিতে বলা হয়েছে, নির্বাচনি সংবাদ সংগ্রহে ইচ্ছুক প্রকৃত সাংবাদিকদেরকে ভোট গ্রহণ দিনের অন্তত তিন দিন পূর্বে সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাড নিউজ এডিটর/চিফ রিপোর্টার/বার্তা প্রধান/ব্যুরো প্রধান/জেলা প্রতিনিধি স্বাক্ষরিত আবেদন রিটার্নিং অফিসারের বরাবর দাখিল করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে কতজন সাংবাদিককে এসাইনমেন্ট দেওয়া হবে-তাদের নাম, প্রাতিষ্ঠানিক সাংবাদিক পরিচয় পত্র/ পিআইডির এক্রেডিটেশন কার্ড, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। পত্রিকার নিয়মিত প্রকাশ হওয়ার বিষয় দেখার জন্য গত এক সপ্তাহের পত্রিকা এবং সাপ্তাহিকের ক্ষেত্রে তিনটি সংখ্যা জমা দিতে হবে। নির্দেশনাবলিতে আরো বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত “নির্বাচন সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা (সংশোধিত) “মেনে উপরোক্ত দলিলাদিসহ রিটার্নিং অফিসারের বরাবর আবেদন করতে হবে।
যানবাহনের বিষয়ে নির্দেশনাবলিতে বলা হয়েছে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ি স্টিকার প্রদান করা হবে। প্রকৃত সাংবাদিকদেরকে ভোটকেন্দ্রে গমনাগমন করত; সংবাদ সংগ্রহের লক্ষ্যে মোটরসাইকেল বা গাড়ি স্টিকার প্রাপ্তির ক্ষেত্রে যে গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করা হবে সে মোটরসাইকেলের বা গাড়ির রেজিস্ট্রেশনের হালনাগাদ কাগজপত্র এবং গাড়ির ক্ষেত্রে ড্রাইভারের হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কপি ও ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হব।
টেলিভিশন সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে সহায়তা করার জন্য যে সকল সাপোর্ট স্টাফ থাকবেন তাদেরকে পরিচয়পত্র প্রদান করা হবে।
