সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ❝ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ ❞ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও ক্রীড়া দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের সদস্য, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর (ডিডি) মো: হারুন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আলম, কাবাডি কোচ মোঃ মাহবুবুল আলম রতন, স্কেটিং কোচ কাজী মমিনুল হুদা ফোরকান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, প্রতি বছর ৬ এপ্রিল বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়ে আসছে, যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলা।
