সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
বৃহস্পতিবার বেলা ৩ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মেয়র এ সময় বলেন, “আমরা আগামী ৫টি বছর সুন্দর পরিবেশে কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করবো, এটাই আমাদের উদ্দেশ্য। সীমিত জনবল বা সীমাবদ্ধতা দিয়ে জনগণকে কীভাবে সর্বোচ্চ সেবা দেওয়া যায় তা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”
মেয়র তার বক্তব্যে ২২ থেকে ৩৩ নম্বর ওয়ার্ডের সেমিপাকা এবং কাঁচা আবাসিক অবকাঠামোর জন্য সংশোধিত রেইট চার্ট ঘোষণা করেন। সেমিপাকা অবকাঠামোর ক্ষেত্রে:
– ক অঞ্চলে ১ টাকা ৩৫ পয়সার পরিবর্তে ৯০ পয়সা,
– খ অঞ্চলে ১ টাকা ১৪ পয়সার পরিবর্তে ৬০ পয়সা,
– গ অঞ্চলে ৭২ পয়সার পরিবর্তে ৩৫ পয়সা।
এছাড়া কাঁচা অবকাঠামোর ক্ষেত্রে:
– ক অঞ্চলে ১ টাকা ১৪ পয়সার পরিবর্তে ৭০ পয়সা,
– খ অঞ্চলে ৯০ পয়সার পরিবর্তে ৫০ পয়সা,
– গ অঞ্চলে ৬০ পয়সার পরিবর্তে ২৫ পয়সা ধার্য করা হয়।
এ বিষয়ে তিনি বলেন, “নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্সকে আরও সহনীয় ও জনমুখী করতে প্রথমে কাঁচা ও সেমিপাকা আবাসিক অবকাঠামোর রেইট পুনর্বিবেচনা করা হলো। পরবর্তীতে অন্যান্য অবকাঠামোর ক্ষেত্রেও বিবেচনা করা হবে।”
ফুটপাত দখল করে এবং রাস্তার ধারে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করে কেউ যেন যানজট সৃষ্টি করতে না পারে এজন্য প্রয়োজনীয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা প্রদান করেন মেয়র।
তিনি আরও বলেন, “এই শহরে একসময় ড্রেনেজ ব্যবস্থা বলতে কিছু কাঁচা ড্রেন ছিলো। আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করেছি। একসময় শহরে একটু বৃষ্টি হলেই কয়েকদিন পানি জমে থাকতো, এখন দ্রুত পানি নিস্কাশিত হয়। আমরা সকল ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করছি। আমরা সকলের সহযোগিতা চাই।”
সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, সচিব মোঃ আরিফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
