মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মোঃ রাসেল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। দীর্ঘ দিন ঢাকায় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যার প্রাক্কালে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া গ্রামের আব্দুস সামাদ ডাক্তারের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির লক্ষে সরকারবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তারা অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, প্রচেষ্টা ও প্ররোচনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে ভয়ভীতি প্রদর্শন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়, যার নম্বর- ১৬ (৬) ২৬।
মামলার পর থেকেই ১ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ রাসেল মিয়া (পিতা: আনসার আলী, সাং: চাকরিপাড়া, আঙ্গুর বাগানের পিছনে, থানা: বাঘা, জেলা: রাজশাহী) ঢাকায় অজ্ঞাত স্থানে পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে বিগত প্রায় অর্ধযুগ ধরে বিভিন্ন সময়ে রুজু হওয়া আরও ৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা বদ্ধপরিকর। অপরাধ দমনে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আরও শক্ত হাতে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *