মো: সজিব আল-হাসান
চলমান বন্যা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটছে এইচএসসি পরীক্ষার্থীদের। এমন বাস্তবতায় ময়মনসিংহের রয়েল মিডিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাইজা ইসলাম তার ব্যক্তিগত ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
ফাইজা ইসলাম তার পোস্টে লিখেছেন, “একদিন বৃষ্টি থেমে যাবে, বন্যার পানিও চলে যাবে। কিন্তু আমাদের রেজাল্ট কি প্রত্যাশা অনুযায়ী ফিরে পাবে?” তিনি আরও উল্লেখ করেন, “কষ্ট, পরিশ্রম, নির্ঘুম রাত-দিন, কঠিন প্রশ্নের চাপ, হতাশা ও ভেঙে যাওয়া স্বপ্ন—এসবের দায় কে গ্রহণ করবে?”
পোস্টটি বন্যার কারণে শিক্ষা কার্যক্রমে সৃষ্ট অনিশ্চয়তা এবং পরীক্ষার্থীদের মানসিক চাপের প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে অনেকে শিক্ষার্থীদের উদ্বেগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা, মানসিক স্বাস্থ্য এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
ফাইজা ইসলামের এই আবেগঘন পোস্টটি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অনুভূতিই নয়, বরং বর্তমান পরিস্থিতিতে হাজারো এইচএসসি পরীক্ষার্থীর মনের কথাই যেন তুলে ধরেছে।
