রবিউল ইসলাম
নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তীব্র যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্ট রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

নিহত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন আমিনুল ইসলাম। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দুপুরে ভ্যানগাড়িতে করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে আনা হচ্ছিল।

কিন্তু পথে পৌর শহরের আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত তীব্র যানজটে আটকে পড়ে রোগীবাহী ভ্যানগাড়ি। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা পাওয়ার আগেই ভ্যানগাড়িতেই তার মৃত্যু ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, সময়মতো হাসপাতালে পৌঁছানো গেলে হয়তো আমিনুল ইসলামকে বাঁচানো যেতো।

স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী শহরে প্রতিদিনই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা ও প্রধান সড়কগুলোতে অবৈধ পার্কিং, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার জন‍্য জনদুর্ভোগ এখন চরমে। এতে জরুরি রোগী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সচেতন মহল জানান, দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরো মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *