মোরশেদ মিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে অপহৃত মাইশা আক্তার (৫) নামে এক শিশুকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত শান্ত মিয়া (২০), পিতা বেলায়েত হোসেন, সাং কলণী, রূপগঞ্জ-নারায়ণগঞ্জ কৌশলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নদীর চর এলাকায় নিয়ে রাখা হয়।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। পরে ফুলছড়ি থানা পুলিশ-এর সঙ্গে স্থানীয়দের যোগাযোগ হলে জানা যায়, রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা হয়েছে। এরপর স্থানীয়রা শিশুটির পিতার মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেন। পরবর্তীতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণকারীকে আটকসহ শিশুটিকে উদ্ধার করে।
আজ সকালে শিশুটির বাবা-মা এবং রূপগঞ্জ থানা-এর তদন্তকারী কর্মকর্তা ফরহাদ হোসেন ফুলছড়ি থানায় এসে শিশুটিকে আসামিসহ নিজেদের হেফাজতে নিয়ে যান।
শিশুটির বাবা শ্যামল মিয়া ও মা জানান, সন্ধ্যার পর থেকে দীর্ঘ খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে থানায় অভিযোগ করেন। দুই দিন পর মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে তারা খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এই তিন দিনে আমাদের মেয়ের বড় কোনো ক্ষতি হতে পারত। ফুলছড়ি থানা পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”
এ বিষয়ে দুরুল হুদা জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেফতার করে। পরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *