রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় করতোয়া নদীতে পড়ে তানহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে শিশুটির বাড়ির পাশের করতোয়া নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর চাচা নূরনবী জানান, সকাল থেকেই তানহা বাড়িতে খেলাধুলা করছিল। নদীতে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগেও তিনি তাকে বাড়িতে দেখেছেন। পরে নদীর পাশে লোকজনের চিৎকার শুনে সেখানে ছুটে গিয়ে ভাতিজিকে দেখতে পান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
