আরিফ রব্বানী
ময়মনসিংহ
আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসবকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার কামরুল হাসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলার পুঁজা মন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের মধ্য দিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

এ সময় তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলতা এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *