মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা শাহিন বলেছেন, বিগত দিনে দলের দুর্দিনে যারা রাজপথে থেকে নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, সেই প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে দলকে শক্তিশালী করা সম্ভব নয়।
কামারপাড়া দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে যারা আপসহীনভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, বিএনপি সবসময় তাদের পাশে রয়েছে। মাঠের পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই মোহনপুর উপজেলা বিএনপিকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।
দলীয় কার্যালয় কামারপাড়ায় আয়োজিত এই সভায় মোহনপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
