সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুর সদর উপজেলার ৬নং নরুন্দি ইউনিয়নের গোপালপুরে বেয়াই-বেয়াইন-পুতুরা-ঝিয়েরিসহ বেয়াইবাড়ির আত্মীয়দের বেয়াইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত আব্দুল হাকিম (৫০) ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হাতে বেধড়ক মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার রাত দশটার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কোঁচনধরা গ্রামের আব্দুল কাদের (৬০), কাদেরের স্ত্রী রেখা বেগম (৪৮), মেয়ে কামরুন্নাহার (৩০), ছেলে রিফাত হোসেন (২৩) এবং ছোট মেয়ে কেয়া আক্তার (২০) ও আব্দুল কাদেরের আরেক আত্মীয় গোলাম মোস্তফা (৫৫)।

জানা গেছে, পাঁচ বছর আগে পাশের এলাকা নরুন্দি কোঁচনধরার আব্দুল কাদেরের মেয়ের সঙ্গে ঝাওলা গোপালপুরের আব্দুল হাকিমের ছেলে শামীমের বিয়ে হয়। তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হতো। অন্য সময়ের মতো বুধবার রাতে এসব নিয়ে আব্দুল হাকিমের বাড়িতে পারিবারিক সালিস বসে। এতে ছেলে শামীমের শ্বশুরবাড়ির লোকজন আসেন। সালিসে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের শ্বশুর আব্দুল কাদের, শাশুড়ি রেখা বেগম, ছেলের শ্যালক রিফাতসহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করতে শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস.এম নূর মোহাম্মদ বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শাহানাজ পারভীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *