সৈয়দ মুনিরুল হক নোবেল
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর শহর শাখার উদ্যোগ ও আয়োজনে কর্মীসভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকালে জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সাদ্য অডিটরিয়ামে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি দেশের মানুষের আত্মনির্ভরশীলতা, উৎপাদনমুখী অর্থনীতি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্র রক্ষা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের হৃদয়ে সুউচ্চ ও অবিনাশী এক অজেয় স্থান করে নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির ভাগ্যের উন্নয়নে যে সময়োপযোগী ও গণমূখী বিভিন্ন পরিকল্পনা ও অবকাঠামোগত উদ্যোগ বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাচ্ছেন, তার সুফল এ দেশের মানুষ অচীরেই উপলব্ধি করতে পারবেন। তিনি জাতীয় অগ্রগতিকে প্রাধান্য দিয়ে দেশবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তার সঠিক সিদ্ধান্ত ও নেতৃত্বে আমরা দেশের হাম প্রাদুর্ভাবের লাগাম অনেকাংশে টেনে ধরতে পেরেছি। জ্বালানি সংকট মোকাবিলায় আমরা সফল হয়েছি। সকল প্রতিকূলতা আর ষড়যন্ত্রকে মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। দেশের চলমাম উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জামালপুর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
কর্মীসভায় জেলা ও শহর বিএনপির নেতাকর্মীরা আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে শহর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদকে মেয়র পদে দেখতে চেয়ে জোরালো দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি দল ও জনগণের পাশে থেকে কাজ করে আসছেন এবং একজন যোগ্য, জনপ্রিয় ও ত্যাগী নেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মিলনায়তন ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। শেষে দলীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জামালপুর শহরের উন্নয়ন কামনা করে কর্মীসভার সমাপ্তি ঘটে। পরে উপস্থিতির মাঝে সান্ধ্যকালীন নাস্তা পরিবেশন করা হয়।
