মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকালে সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বকুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ উদ্যোগ সফল করতে তিনি সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

পরে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কদম গাছের চারা রোপণ করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মোঃ সাদেকুল ইসলাম কামিনী গাছ রোপণ করেন। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করা সম্ভব। তারা রোপিত গাছের যথাযথ যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *