মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলায় “কৃষি সমৃদ্ধি প্রজেক্ট”কে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (বিকাল ৫টা) ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, কৃষকদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সংযোগ বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির তথ্য ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রজেক্টের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকে সম্পৃক্ত করে কৃষি উদ্যোক্তা, সফল কৃষক এবং উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতির গল্প তুলে ধরা হচ্ছে, যা কৃষকদের উৎপাদন কার্যক্রমকে আরও পরিচিত করে তুলছে এবং বাজারে তাদের অবস্থান শক্তিশালী করছে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী সাংবাদিক, কৃষি বিশেষজ্ঞ ও তরুণ উদ্যোক্তারা বলেন, গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা কৃষকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন উদ্যোক্তাদের কৃষি খাতে আগ্রহী করে তোলে। পাশাপাশি সহজ ভাষায় কৃষি বিষয়ক তথ্য ও বাজার বিশ্লেষণ উপস্থাপন কৃষি ব্যবসাকে আরও লাভজনক ও টেকসই করতে সহায়তা করছে।
আয়োজক প্রতিষ্ঠান ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়, “কৃষি সমৃদ্ধি প্রজেক্ট”-এর লক্ষ্য কৃষিকে একটি আধুনিক, লাভজনক ও সম্ভাবনাময় খাতে রূপান্তর করা। তাদের বিশ্বাস, গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষকদের সাফল্যের গল্প বৃহত্তর সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় উপস্থিত ছিলেন অমিয় প্রাপন চক্রবর্তী (প্রধান নির্বাহী কর্মকর্তা), মোঃ মুন্না হুসাইন (হেড অব এনভায়রনমেন্ট, প্রজেক্ট অ্যান্ড রিসোর্স), মাসুম পারভেজ (প্রোগ্রাম অর্গানাইজার, গাইবান্ধা), হোসনে আরা (সভাপতি, গাইবান্ধা) এবং রাকিবুল রিজভি (সভাপতি, রাজশাহী বিভাগ)সহ অন্যান্যরা।
সবশেষে বলা যায়, গাইবান্ধায় “কৃষি সমৃদ্ধি প্রজেক্ট”-এর মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকে কাজে লাগিয়ে কৃষি ব্যবসার প্রসারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
