আরিফ রববানী
ময়মনসিংহ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে ফূলবাড়ীয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদীস ময়মনসিংহ জেলা, জমিয়ত শুব্বানে আহলে হাদিস ফুলবাড়ীয়া উপজেলা এবং আহলে হাদীস উলামা ঐক্য পরিষদ ফুলবাড়ীয়া শাখার যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হলে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেন। মানববন্ধনে গাঁজায় ইসরায়েলী হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি শাইখ খোরশেদ আলম মাদানী, সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুর রহমান মাদানী, ফুলবাড়ীয়া আহলে হাদীস উলামা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক শাইখ এম এম ইউসুফ আলী নূরী।
বক্তারা বলেন, ইহুদীবাদী দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ন্যাক্কারজনক হামলা করে গণহত্যা অব্যাহত রেখেছে। বিশ্ববিবেক আজ নিশ্চুপ। এসময় বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। বলেন, অনতিবিলম্বে এই হামলা বন্ধে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলেকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি ইসরায়েলের সমস্ত পন্য বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শুব্বানে আহলে হাদিসের সভাপতি হাফেয মোঃ শফিকুল হাসান, উপজেলা উলামা ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুর রাজ্জাক পলাশী, আহলে হাদীস আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণের সহ-সভাপতি শাইখ আবুল কালাম,উপজেলা শুব্বানে আহলে হাদিসের সভাপতি হাফেয মোশাররফ হোসেন ও সেক্রেটারি আমির হামজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মানববন্ধনে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, যতটুকু সম্ভব ফিলিস্তিনের মানুষের পাশে দাড়াতে হবে। যদি সুযোগ থাকে তাহলে ফিলিস্তিনে এ দেশ থেকে জনবল পাঠিয়ে মুসলমানদের রক্ষা করার দাবী জানান।এবং ফিলিস্তিনের জনগণের হয়ে যুদ্ধ করতে সেখানে অনেকেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
মানববন্ধনে আহলে হাদিস ও তাদের সমর্থিত মুসল্লীবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় তারা ফিলিস্তিনের সমর্থনে ও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে ফুলবাড়ীয়া ২৪ শে চত্বরে সমাবেত মুসুল্লিদের কে নিয়ে মহান আল্লাহ তায়ালার নিকট ফিলিস্তিন ও মুসলমানদের সকল শত্রুদের ধ্বংস কামনা করে দোয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।
