নিজস্ব প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর, ২০২৩ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, মুক্তাগাছা, ময়মনসিংহ এর উদ্যোগে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ও উদযাপন-২০২৩’ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
প্রধান অতিথির বক্তব্যে মানাবাধিকার কমিশনের সম্মানিত চেয়ারম্যান বলেন যে, দেশে বাল্যবিবাহ রোধে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোকে গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী উন্নয়নে বিভিন্ন আইন, বিধি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এ সময় নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদান উল্লেখ করে প্রধান অতিথি মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সুসংহতকরণ, বাল্যবিবাহ হ্রাস ও নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপগুলো আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল।
পরবর্তীতে সম্মানিত বিশেষ অতিথি ও সভাপতি তাঁদের পৃথক বক্তব্যে বাল্যবিবাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো তুলে ধরেন এবং সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। যাদের অবদানে আজকের এই সাফল্য সে সকল সচেতন নাগরিকদের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান-২০২৩ শীর্ষক সভায় যোগ দেন।
