সামদানি হোসেন বাপ্পী

অপহরণ মামলার ১৬ বছর বয়সী অভিযুক্ত আটক, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিও গ্রেপ্তার

ময়মনসিংহে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসির পৃথক দুটি অভিযানে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ মামলার এজাহারনামীয় ১৬ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে আভিযানিক দল।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে ও মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ২১ মে দুপুর আনুমানিক ২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুরের কুমারিয়াকান্দা এলাকায় বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে ১৫ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৭ জুন কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্প ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর আনুমানিক ৩টার দিকে আকুয়া বাইপাস এলাকার এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল কুমারিয়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারনামীয় আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মোঃ সালমান হোসাইন সাকিবকে (১৬) গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালায় এসআরবি-১৪। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে কোতোয়ালী থানাধীন চায়নামোড় পাওয়ার প্ল্যান্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ সোহেল মিয়া (৩১)। তিনি ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী মেইল গেট এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১০(ক) টেবিলভুক্ত মামলায় দায়রা নং-২৭৮/১৪-এর রায়ে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসআরবি-১৪ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপহরণ, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।

গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *