আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় ভোররাতে অভিযান চালিয়ে ১০১ পিস ভারতীয় মদসহ দুই সহোদর ভাই কে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামের আঃ খালেকের ছেলে আজিজুল ও হাবিকুল। তারা সম্পর্কে আপন দুই ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই হারুন ও এসআই আজিজুল হক, এএসআই শরিফ এবং কনস্টেবল মোতাহার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০১ পিস ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
