স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে গণঅধিকার পরিষদের একাধিক নেতার পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের ঘটনা। গণঅধিকার পরিষদ, ময়মনসিংহ জেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলা পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে এনসিপির সঙ্গে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেছেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাঞ্চন আহমেদ, যিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া বর্তমানে এনসিপির দপ্তর সম্পাদক এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, গণঅধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দও দল থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের এই দলত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যে সাংগঠনিক অব্যবস্থাপনা, তৃণমূলের যথাযথ মূল্যায়নের অভাব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাঠপর্যায়ের নেতাকর্মীদের দূরত্বের বিষয়গুলো উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, ময়মনসিংহে গণঅধিকার পরিষদের একাধিক দায়িত্বশীল নেতার এনসিপিতে যোগদান স্থানীয় রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ঈশ্বরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় এনসিপির সাংগঠনিক অবস্থান আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

একদিকে পুরোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নেতাদের প্রস্থান, অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তিতে তাদের অবস্থান—ময়মনসিংহের রাজনীতিতে এই পরিবর্তন আগামী দিনে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *