আরিফ রববানী
ময়মনসিংহ
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
মঙ্গলবার (১০নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ময়মনসিংহের সহযোগীতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত পরিবারের ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ আহত ৯জন সহ মোট ২৮-জন ক্ষতিগ্রস্ত পরিবারের মনোনীত সদস্যদের মাঝে সর্বমোট ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।
এসময় আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।
জেলা প্রশাসক সাইফুর রহমান তার বক্তব্যে-সকলকে রাস্তা পারাপারের সময় দৈর্য ধারণ করে সতর্কতার সহিত পার হওয়ার আহবান জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) উম্মে হাবিবা মীরা, জেলা ট্রাফিক পুলিশের টিআই গোলাম মাওলা সহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আনিসুর রহমান
বলেন- দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানিয়ে তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ৫লাখ টাকা এবং আহতদের মধ্যে যারা সম্পূর্ণ আগের অবস্থায় ফিরতে পারেন তারা তাদের ১থেকে ২ লাখ এবং যারা আগের অবস্থায় ফিরতে পারেন না তারা অবস্থা বিবেচনা করে ক্ষতিপূরণ পান।
অনুষ্ঠানে বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বলেন, ‘ধনী-গরিব সবাই এই ক্ষতিপূরণ পেতে পারেন। কিন্তু অনেকেই না জানার কারণে এই সহায়তা থেকে বঞ্চিত হন। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটি পরিবার সাবলম্বী হওয়ার পথ পায়।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৯০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, বিআরটিএ ট্রাস্টি বোর্ডে তাহা যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, অনেক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের এই আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে জানেন না। তাই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি। দুর্ঘটনা হ্রাসে সরকার ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
