বিশেষ প্রতিনিধি
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, মালিক, যাত্রী ও পথচারীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ময়মনসিংহ সার্কেল।

এ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ময়মনসিংহের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিআরটিএর পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন ও সড়ক সংকেত মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নেশাগ্রস্ত বা ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণ স্থানে ওভারটেকিং থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই মানসম্মত হেলমেট ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মোটরযানের মালিকদের বৈধ লাইসেন্সধারী চালক হওয়া, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন বা ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে না নামানোর আহ্বান জানানো হয়েছে।

যাত্রীদের চলন্ত গাড়িতে ওঠানামা না করা, পণ্যবাহী যানবাহনে যাতায়াত না করা এবং গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো নারী যাত্রী হয়রানির শিকার হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে সড়ক পারাপার এবং নির্ধারিত স্থানে ফুটপাত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে চলাচলের সময় সবাইকে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএ ময়মনসিংহ সার্কেল সড়ক দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, মালিক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *